২৩ মার্চ ২০২১


ট্রাকের ধাক্কায় ট্রাক্টরচালক নিহত

শেয়ার করুন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় নুর ইসলাম নামের এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পরে মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ যানচলাচল স্বাভাবিক করে। নিহত নুর ইসলাম শায়েস্তাগঞ্জ পৌর এলাকার চরনুর আহমদ গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বিরামচর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন ব্রিজগামী পল্লীবিদ্যুতের খুঁটিবাহী ট্রাক্টরের পেছন থেকে বালুবাহী একটি ট্রাক ধাক্কা মারে। এতে ট্রাক্টরচালক নুর ইসলাম, ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলাম মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম বিষয়টির নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাটি সম্পর্কে আমাকে অবগত করা হয়েছে। খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়।

শেয়ার করুন