২০ মার্চ ২০২১


শাল্লার ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের পাশে বিএনপি’র প্রতিনিধি দল

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হিন্দুদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাটের শিকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রতিনিধি দল।

শনিবার বেলা ২টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি নোয়াগাও গ্রামে পৌঁছে। এসময় তারা গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিদর্শন শেষে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের জানান, এটি একটি পরিকল্পিত ঘটনা, স্থানীয় যুবলীগের স্বাধীন ও তার সন্ত্রাসী বাহিনী এ ন্যক্কার জনক ঘটনা ঘটিয়েছে এর সত্যতা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এটি সাম্প্রদায়িক দাঙ্গা নয় শাসক দলের পেটুয়া বাহিনীর সন্ত্রাসী হামলা, তারাই নিরিহ মানুষের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই সংখ্যা লঘুদের উপর নির্যাতন হয়। আওয়ামী লীগ একটি অনির্বাচিত সরকার উল্লেখ করে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর বলেন, সরকার বল প্রয়োগের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছে এবং বিগত ১২ বছরের শাসনে ফ্যাসিশক্তি ব্যবহার করে তারা বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে দেশ চালাচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায়ে এনে দেশের কলঙ্ক মোচন করতে হবে এবং নিরপরাধ কাউকে হয়রানি না করার দাবী জানান প্রতিনিধি দলের সদস্যরা।

নিতাই রায় চৌধুরী বলেন, আমরা সামান্য সহায়তা দিয়েছি, আরও দেব । আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, অথচ সরকারের পক্ষ থেকে কাঙ্ক্ষিত সাহায্য পায়নি ক্ষতিগ্রস্তরা।

এ সময় প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির উপদেষ্টা এড, তাহির রায়হান চৌধুরী পাবেল, ধর্ম বিষয়ক সম্পাদক অশোক তালুকদার, সদস্য হুমায়ুন কবির তালুকদার, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক এড. কয়েছ, উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মমিনুল হক কালাচান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সালমান হোসাইন, পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন আহমদ মিলাদ প্রমুখ।

নিপুণ রায় চৌধুরী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা নির্যাতিত সংখ্যালঘু মানুষের পাশে এসেছি। আমাদের নেতার একটিই কথা- যেখানে নির্যাতন, সেখানেই নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে বিএনপি। কারণ বিএনপি হচ্ছে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল।

প্রসঙ্গত ফেইসবুকে হেফাজতে ইসলামের নেতা আল্লামা মামুনুল হক কে কটাক্ষ করে স্ট্যাটাস দেয় শাল্লা উপজেলার নোয়াগাও গ্রামের মৃত গোপেশ দাসের ছেলে ঝুমন দাস আপন। এর জের ধরে গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দিরাই-শাল্লা উপজেলার কয়েকটি গ্রামের লোক বিক্ষোভ মিছির করে হিন্দু অধ্যুষিত নোয়াগাও গ্রামে হামলা ও লুটপাট চালায়, এতে গ্রামের ৯০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ মার্চ) শাল্লা থানায় দুটি মামলা দায়ের করা হয়। এই দুই মামলায় প্রধান আসামী স্বাধীন সহ এ পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন