২০ মার্চ ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছরের মতো এবারো বইমেলার আয়োজন করে প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা।
শনিবার সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া বইমেলা চলবে রাত ১০ টা পর্যন্ত। মেলার দিনব্যাপী আয়োজনে রয়েছে গুণীজন সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা, আলোচনা সভা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন।
সদ্যপ্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অনুবাদক নিজামউদ্দিন লস্কর ময়নার নামে এবারের মেলা উৎসর্গ করা হয়েছে।আয়োজকরা জানান- অন্যান্য বছর পক্ষকালব্যাপী এ আয়োজন চললেও এবার করোনাভাইরাস পরিস্থিতিতে একদিন ব্যাপী হচ্ছে।
মেলায় ঢাকা, সিলেট ও চট্টগ্রামের ১৭টি বইয়ের স্টল অংশ নিয়েছে। এছাড়া জ্ঞান বিজ্ঞানের যুগে মানুষকে বইমুখি করতে নিয়মিত বইমেলা আয়োজন করার আহবান জানিয়েছেন পাঠক ও প্রকাশকেরা।নাগরি প্রকাশনীর সূফি সুফিয়ান বলেন, বর্তমানে তরুণ-তরুণীরা মোবাইল ফোনে বেশি ঝুঁকছে। একই সাথে দিনদিন বই পড়ার প্রবণতা কমে আসছে। এটি মোটেই কাম্য নয়। কারণ জ্ঞান-বিজ্ঞানের এই যুগে নিজেকে বিকশিত করার জন্য বই পড়ার বিকল্প নেই। কারণ বই পড়ার মধ্যে দিয়ে অনেক অজানা জিনিস জানা যায়। দূর করা যায় সমাজের নানা অসঙ্গতি।