১৪ মার্চ ২০২১
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে ঢাকাগামী বালুবাহী একটি চলন্ত ট্রাকে ডিজেলের ট্যাংক থেকে আগুন লেগে ট্রাকটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় অলিপুর রেললাইন সংলগ্ন মহাসড়কে প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
রবিবার বিকেলে অলিপুর রেললাইন সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আগুনের খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আহমেদ বলেন, ‘ট্রাকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ট্রাকটির অধিকাংশ পুড়ে গেছে। তবে চালক আর সহকারী অক্ষত আছেন।’