১৪ মার্চ ২০২১


অপরাজিত থাকলো চেলসি

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১২ ম্যাচে অপরাজিত থাকলো টমাস টুখেলের চেলসি। এর মাঝে ড্র চারটি। তবে লিডস ইউনাইটেডের বিপক্ষে গোল শুণ্য ড্র একটা আক্ষেপও জিইয়ে থাকলো চেলসির।

লিডসের মাঠে শনিবার ম্যাচটিতে ড্র করায় একই মৌসুমের হোম ও অ্যাওয়ে ম্যাচে হারানো আর হলোনা চেলসির। সর্বশেষ ১৯৮৮-৮৯ মৌসুমে লিডসকে এক মৌসুমে দুইবার হারাতে পেরেছিল চেলসি।

ম্যাচে প্রথমার্ধে ছন্দহীন চেলসি দ্বিতীয়ার্ধে উজ্জ্বীবিত ফুটবল খেলেও পেল না গোলের দেখা। ঘরের মাঠে টমাস টুখেলের দলকে স্রেফ রুখে দিল লিডস ইউনাইটেড।

ম্যাচের অষ্টম মিনিটে জালে বল পাঠায় লিডস। কিন্তু অফসাইডের জন্য গোল পায়নি স্বাগতিকরা। বিরতির আগে লিডস ফরোয়ার্ড টয়লার রবার্টসের উঁচু কোনাকুনি শট ক্রসবারে লেগে ফিরে আসে!

বিরতির পর দুই দলই খেলে উজ্জ্বীবিত ফুটবল। প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বারবরই এলোমেলো হয়ে যায় চেলসি। স্বাগতিকরা ভীতি ছড়ায় পাল্টা আক্রমণে, পরীক্ষা নেয় গোলরক্ষক এদুয়াঁ মঁদির। সেগুলো অবশ্য ঠিকঠাকই সামাল দেন তিনি। এর পরের সময়টাও ঠিক একই ভাবে কেটেছে। জালে বল জড়াতে পারেনি কোন দলই।

২৯ ম্যাচে ১৪ জয় ও নয় ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে লিডস।

চেলসির সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে লেস্টার সিটি।

প্রিমিয়ার লিগে অন্য ম্যাচে শনিবার অ্যাস্টন ভিলা ও নিউক্যাসলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচটি ০-০ গোলে ড্র হওয়ার পথে ছিল। কিন্তু ৮৬ মিনিটের সময় নিউক্যাসলের ক্লারান ক্লার্কের আত্মঘাতী গোল থেকে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা।

শেয়ার করুন