২ মার্চ ২০২১


বাবা মানে বটবৃক্ষ

শেয়ার করুন

শাহ যারীন তাসনীম রাশেদা : ‘আর ১টা সপ্তাহ থাকিয়া যা’। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার দু’দিন আগে সন্তানের প্রতি ছিল এক স্নেহার্দ্র পিতার আকুতি। পেশাগত দায়িত্ববোধ এবং শেষ সময়ে কাছে না থাকার হুকুমেই হয় তো সে আবদারটুকু রক্ষিত হয়নি। সেদিনই কেবল আব্বা নামে সেইভ নাম্বার থেকে কল যায়নি, অথবা অনুযোগ ঝরেনি, ‘কিতা গো যাওয়ার পরে পৌঁছিছ কিনা জানাইলায় না?’ সেদিনও জানিয়েছি। তবে আব্বার কষ্ট হবে ভেবে অন্য ফোনে। জ্বর ছিল। ভাবিনি এ জ্বরই হবে শেষ জ্বর।
প্রখ্যাত মুফতি মাওলানা তৈয়বুর রহমান এবং বদরুন নেছার বড় সন্তান শাহ মোহাম্মদ ফজলুর রহমান রেনু ছিলেন আমার আব্বা। জন্ম ১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি। নয় ভাইবোনের সবচেয়ে বড় এবং পিঠেপিঠি ভাইবোন থাকায় মায়ের সাহায্যকারী এবং নির্ভরতার স্থান ছিলেন তার বড় সন্তান। গৃহস্থালি কাজে সেই কৈশোরে দাদী (বিবি) কে সাহায্য করা তার কর্তব্যের মধ্যেই ধরতেন। আমাদের বড় ফুফু তার ছোটবোন অসম্ভব মেধাবী ছিলেন। কিন্তু তখন মেয়েদের পড়াশোনার পরিবেশ ছিল না। স্কুলে যাওয়ার অনুকূল পরিবেশ ছিল না। সেজন্য বাঁশ দিয়ে বিদ্যালয় বানানোর প্রস্তুতি নিয়েছিলেন। কয়েকজন ছেলে শিক্ষার্থী জোগাড় করতে পারলেও মেয়ে শিক্ষার্থী জোগাড় না হওয়া এবং কিছু মানুষের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি।
বড় ফুমা কোরবানীর অনাবৃত গরু দেখে ফেলায় গরু গোশত খেতে চাইতেন না। ছোট বোনকে তা খাওয়াতে কী প্রচেষ্টা। আব্বার বিদায়ী ক্ষণে জানাজার মাঠে, এলাকার বক্তাদের বক্তব্যে এ কথাই বার বার উঠে এসেছিল যে, তিনি ছিলেন ন্যায় বিচারক। গ্রাম্য সালিশে এবং গোষ্ঠীকেন্দ্রিক সমস্যায় একজন সুপরামর্শক ছিলেন।
ব্যক্তিগত জীবনে মিতব্যয়ী ছিলেন। কখনো উচ্চাশা প্রকাশ করলে বলতেন, ‘তোমার চেয়ে যারা নিচে আছে তাদেরদিকে তাকাও।’ মন মানসিকতায় প্রচন্ড তারণ্য ছিল। সবসময় হাসিমুখে কথা বলতেন। ভাইবোনদেরকে নিয়ে মিলেমিশে থাকাতেই তার যত আনন্দ ছিল। বোনদের কাছে ছিলেন মা-বাবার প্রতিরূপ হয়ে। ছোট বোন জামাইদের কাছে সমন্ধিরা যে এতো শ্রদ্ধার, এতো ভালোবাসার হতে পারেন তা আব্বাকে দেখে বুঝেছি।
আমাদের ছোট ফুফুর লেখা পড়ুন-‘আর তোমার কোন নিষেধ আমি মানতাম পারতাম নায়, তোমার জানালাটা খোলা রাখিও, আমি তোমার উঠান থাকি মুবিনরে একবারতা দেখিয়া ফিরিয়া আইমু।’ আমার স্বামী করোনা আক্রান্ত হয়ে যখন খুব খারাপ অবস্থায় ছিলেন, তখন কেঁদে কেঁদে ফোনে কথাগুলো বলেছিলেন আমার বড় ভাই-‘বড় ভাইছাব’।
কারণ উনি তখন বার বার আমার বাড়িতে আসতে চাচ্ছিলেন আর আমিও কঠোরভাবে আসতে বারণ করছিলাম। আব্বা আম্মার ইন্তেকালের পর আমার বড় ভাইছাব বোনদের আম্মা-আব্বার অভাবটা ভুলিয়ে রাখার চেষ্টা করেছেন আমরণ। ইন্তেকালের ঘন্টাখানেক আগেও তাঁর ছোট ছেলেকে বলেছিলেন আমার চারবোনকে ফোন করে একত্র কর। বাবা বাবাই কিন্তু বড় ভাই বাবার রেখে যাওয়া আসনটিতে বসার শতভাগ দাবীদার হতে পারেন কেবল আমার বড় ভাইছাবের মতো ভাইরা। ১৩ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দে আমার বড় ভাইছাব আমাদের চিরদিনের জন্য ছেড়ে চলে গেলেন। ডায়রিতে ওসিয়তনামা লিখে, তওবা করে, কলিমা পড়ে সুন্দরভাবে মালিকের ডাকে সাড়া দিলেন। পরম করুণাময় আল্লাহপাকের কাছে মিনতি ‘হে আল্লাহ, আপনি আমার বড় ভাইছাবকে ক্ষমা করুন, তাঁর সন্তানদের সহ আমাদের শান্তি দান করুন, নেক আমল করার তৌফিক দান করুন।’
আব্বা কর্মজীবনে ব্যবসায়ী ছিলেন। সে জন্যই কিনা জানি না কথা বলার স্টাইল ছিলো আকর্ষণীয়। মানুষের সাথে সুন্দর সম্পর্ক স্থাপনে অগ্রণী ছিলেন। দলীয় কাজে সক্রিয় ছিলেন। একটা নির্দিষ্ট পদে বহাল ছিলেন। ছোটবেলা থেকেই দেখেছি ইসলামী বই আর তাফসীর পড়তে। কোরআন শরীফ সে অর্থ বুঝে পড়াটাই উত্তম সেটা আব্বার কাছ থেকেই জেনেছি। সাংসারিক কথাবার্তায়ও আব্বা সবসময় যুক্তির ধার ধারতেন। আব্বার সাথেই আমাদের বন্ধুত্ব, রসিকতা বেশী ছিলো। গল্পে গল্পে শিক্ষণীয় বিষয় তুলে ধরতেন। অনেক সময় বেশী রাতে ক্লান্ত হয়ে ফিরেও নামাজ ছাড়তেন না আর আমাদের পড়াশোনার খবর নিতেন। সেই খবর নেওয়া, তদারকিটাই আমাদের উৎসাহ ছিলো। সময় পেলে পড়াতেনও। ছোটবেলায় তো বটেই ইদানিং-ই খেয়াল রাখতেন মেয়েরা, ছেলেরা মশারী টানিয়েছি কিনা, খেয়েছি কিনা। রাতে না খেলে এক চড়ার মাংস কমে অথবা খাইয়ে বলতেন, ‘এখন কার পেটে গেলো গো?’ মা হলে বাবা হলে এমনই হতে হয়। আব্বা সবসময় আল্লাহর উপরই ভরসা করতেন। একটাই দৃষ্টিভঙ্গি ছিলো-আল্লাহর উপর তাওয়াক্কুল।
আব্বা খুব পরিশ্রমী ছিলেন। একটা ভীষণ কর্মময় জীবন পার করেছেন তিনি। কাজেই ছিল তার আনন্দ। আব্বার ফেলা মাছ এখনো পুকুরে। সবজির পাতাগুলো চিকচিক করছে। কলার বাগান, লেবুর বাগান এখনো সেই আগের মতোই আছে। শুধু আমাদের আব্বাই চলে গেছেন সব কিছুর উর্ধ্বে। পৃথিবীতে আসা আর যাওয়া দুটোই আল্লাহর ইচ্ছে। আল্লাহর ফায়সালা। জীবনে চলতে ফিরতে মা-বাবার গল্প তো শেষ হবার নয়। আব্বাকে নিয়ে লেখা স্বরচিত কবিতা-
‘বাবা মানেই বাড়ি/ বাবা মানেই বটবৃক্ষ, বাবা মানেই বাড়ি/ বাবা মানে জীবনকাব্যে শান্তিপ্রিয় দাঁড়ি/ বাবা মানেই হরেক স্মৃতির সাগর, নদী, কূপ বাইরে শক্ত, ভিতরে নরম মিশ্রিত এক রূপ।/ বাবা মানে কোরআন পড়া, তাফসির পড়া ক্ষণ/ বাবা মানেই শাসনমাখা ভালোবাসা মন।/ নিজের সুখ হাটে বেঁচে সন্তান সুখ কেনা/বাবা মানেই আমার ঋণের বেহিসেবী দেনা।/বাবা মানেই রোদমাখা দিন খুশির আলোকচ্ছটা/জীবননদের দুঃখ দিনে সাহস দেওয়া পইঠা।/বাবা মানে এ জীবনে স্বপ্নের ডানা/অসহ্য রোদ্দুরে ছায়া শামিয়ানা।
পৃথিবীর সব জীবিত মা-বাবারা সুস্থ থাকুন আর কবরবাসী মা-বাবারা শান্তিতে থাকুন। আব্বাকে আল্লাহ বেহেশত নসীব করুন। তাঁর সর্বোচ্চ ভালোস্থানে রাখুন। আমীন।

শেয়ার করুন