২৬ ফেব্রুয়ারি ২০২১


সুনামগঞ্জে চানাচুর বিক্রির ছুরি দিয়ে বোনজামাইকে খুন

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে দিপু বিশ্বাস (৩৫) নামের একব্যক্তিকে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রণ বিশ্বাস (৪৫) নামের এক চানাচুর বিক্রিতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে জয়কলস ইউনিয়নের নমোশুধ পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রণ বিশ্বাসের চাচাতো ছোট বোনের স্বামী দিপু বিশ্বাস। যৌতুকসহ বিভিন্ন পারিবারিক বিরোধ নিয়ে প্রায়ই স্ত্রীকে মারধোর করতেন দিপু। এটি বড় ভাই রণ বিশ্বাসের সহ্য হতো না। বৃহস্পতিবার রাতেও এরকম মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে সমন্দি রণ বিশ্বাসের সঙ্গে দিপু বিশ্বাসের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রণ বিশ্বাস চানাচুর বিক্রির ছুরি দিয়ে দিপু বিশ্বাসকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে চিকিৎসার জন্য আড়াইশ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশ রণ বিশ্বাসকে আটক করেছে।

শেয়ার করুন