২০ ফেব্রুয়ারি ২০২১
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : আওয়ামী লীগ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃত। বাংলাদেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সব জনগণের অধিকার সমান। দারিদ্র বিমোচনই শেখ হাসিনা সরকারের মূল লক্ষ্য। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। দারিদ্রকে প্রশমিত করে রাখতে হবে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
শনিবার দুপুর ১টায় দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা কমিটি ও হাওর রক্ষা বাঁধ নির্মাণের অগ্রগতি সম্পর্কে বিশেষ আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ব্যপারে মন্ত্রী বলেন, তিনি ছিলেন দেশ প্রেমিক এবং অসাম্প্রদায়িক, প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনার এক জাতীয় নেতা। মন্ত্রী বলেন, এলাকার উন্নয়নের জন্য স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উনাকে ছাড়া পরিপূর্ণ উন্নয়ন করা সম্ভব নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায়- সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি খায়রুল হুদা চপল, দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এরপর বিকেলের দিকে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের জগদল ২০ শয্যা হাসপাতালের কার্যক্রম উদ্বোধন ও জনসভায় বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।