৩ ফেব্রুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক : কোম্পানীগঞ্জের পল্লি চিকিৎসক রেজাউল করিম হায়াত (৫০) হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- হোটেল মোহাম্মদীয়া আবাসিকের ম্যানেজার প্রাণেশ সরকার ও হোটেল বয় ফয়সল।
বুধবার দুপুরে তাদেরকে গ্রেপ্তারকৃতদের দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এর আগে সোমবার রাতে নিহতের বোন মিনা বেগম বাদী হয়ে থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন জানান, পুলিশ পল্লী চিকিৎসক রেজাউল করিম হায়াত হত্যা মামলায় লালাবাজারের হোটেল মোহাম্মদীয়া আবাসিকের ম্যানেজার প্রাণেশ সরকার ও হোটেল বয় ফয়সলকে আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে। তবে পুলিশ পুরো বিষয়টি নিয়ে গভীরভাবে কাজ করে যাচ্ছে।
প্রসঙ্গত, সোমবার নগরীর লালবাজার এলাকা থেকে রেজাউল করিম হায়াত (৫০) নামের এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি কোম্পানীগঞ্জের কালাছাদেক এলাকার উত্তর রাজনগর গ্রামের চেরাগ আলীর ছেলে। এদিন দুপুর ১২টার দিকে নগরীর লালাবাজারের হোটেল মোহাম্মদীয়া আবাসিকের পেছন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। অন্তত একদিন আগে তাকে অন্য কোথাও খুন করে হোটেলের পেছনে ফেলা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত রেজাউল করিমের কানের বাম পাশে ছুরি জাতীয় ধারাল কিছুর আঘাতের চিহ্ন দেখতে পেয়েছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পিবিআই বিভিন্ন আলামত সংগ্রহ করে।