২৯ জানুয়ারি ২০২১


শেরপুর প্রেসক্লাব কর্তৃক হিজরা সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন

মোঃ ফাহাদ আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ): মৌলভীবাজার সদর উপজেলাধীন “শেরপুর প্রেসক্লাব” কর্তৃক শেরপুরের তৃতীয় লিঙ্গের অধিকারী (হিজরা) সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সভাপতি মোঃ শিহাবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- হিজরারাও সমাজের সাধারণ মানুষের মতো একজন মানুষ। হিজরারা নাগরিক সকল সুযোগ সুবিধার অধিকারী। কিন্তু সামাজিক ভাবে সেই হিজরারা অবহেলিত। নারী ও পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি তেমনি হিজরারাও। মহান আল্লাহ নিজের পছন্দেই হিজরাদের পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা তাদের অবহেলা করি এবং হিজরা বলে গালি দেই।

তিনি আরও বলেন- আমি আশা করব এই ধরণের মনমানসিকতা থেকে আমাদের ফিরে আসতে হবে। হিজরাদের বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। হিজরাদের প্রশিক্ষিত করে সাবলম্বী করা হবে। সমাজের অন্য সকল মানুষের মতো তাদেরও বেঁচে থাকার সুযোগ করে দিতে হবে। যে সকল হিজরা পড়ালেখা করে তাদের সকল প্রকার শিক্ষা ব্যয় মুক্ত করার জন্য কাজ করব।

এসময় বিশেষ অতিথি ছিলেন মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই মো. মোশাহিদ কামাল ও ইসমাইল হোসেন সহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

শীতবস্ত্র পেয়ে হিজরা সরদার বাদল সহ অন্যান্য হিজরারা জানায়, তারা সমাজে অবহেলিত ও নির্যাতিত। তাদের সাথে সমাজের মানুষ খুব খারাপ আচরণ করে। তারা যে দোকানে চা খায় সেই দোকানে অন্য ক্রেতা যেতে চায় না। অনেকেই তাদের দেখলে হিংসাত্মক মনোভাব প্রকাশ করেন। এবং তাদের সব সময় কাজকর্ম থাকে না তখন খাদ্যের খুব সমস্যা হয়। তাদের খাদ্যের একটা স্থায়ী সমাধান হওয়া দরকার।

শেয়ার করুন