৮ জানুয়ারি ২০২১


যেকোন সময় সিলেট আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : প্রায় ৪ মাস ধরে কেন্দ্রে ঝুলে থাকা সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি এবার অনুমোদন পাচ্ছে। দুয়েক দিনের মধ্যে যেকোন সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর থেকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে। কেন্দ্রীয় সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, নানা দ্বন্দ্ব, অভিযোগ নিয়ে সিলেটের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেতাদের সাথে সিলেটের নেতাদের মতানৈক্যসহ নানান কারণে এসব বৈঠকে আসছিল না কোন সিদ্ধান্ত। অবশেষে বুধ ও বৃহস্পতিবার জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে পৃথক বৈঠক করে পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে একমত হতে পেরেছেন তারা। দুটি ইউনিটেরই ৭৫ সদস্য তালিকা প্রস্তুত করে দলীয় প্রধানের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে যেকোন সময় কমিটির তালিকা প্রকাশ হবে বলে জানায় সূত্র।

প্রস্তুত হওয়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন নেতা। তাদের যায়গায় অন্যদের স্থলাভিষিক্ত করা হয়েছে।

বাদ পড়াদের তালিকায় রয়েছেন- ময়নুল ইসলাম, আব্দুল মোমিন চৌধুরী (কানাইঘাট), এস এম নুনু মিয়া (বিশ্বনাথ), গোলাম কিবরিয়া হেলাল (গোয়াইনঘাট), আরমান আহমদ শিপলু, এজাজুল হক এজাজ, ফারুক আহমদ (গোয়াইনঘাট), এপতিয়ার হোসেন পিয়ারসহ কয়েকজন। এদের মধ্যে ফারুক আহমদ (গোয়াইনঘাট) ও এপতিয়ার হোসেন পিয়ারকে উপদেষ্টা আর আরমান আহমদ শিপলুকে মহানগরের কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।

নতুন অন্তর্ভূক্ত হয়েছেন – হাবিবুর রহমান হাবিব, সাইফুল ইসলাম (দক্ষিণ সুরমা), মুবশ্বির আলী, জাকির হোসেন (বিয়ানীবাজার), আব্দুল বাসিত টুটুল (ফেঞ্চুগঞ্জ), সাইফুর রহমান খোকনসহ কয়েকেজন।

গত ৩১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে যে ১১ জনকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়েছিল সেই তালিকা থেকেও কয়েকজনকে কমিটিতে ফের অন্তর্ভূক্ত করা হয়েছে।

বড় রদবদল হয়েছে মহানগরের কমিটিতেও। সভাপতি, সাধারণ সম্পাদকের দেয়া তালিকা থেকে খুব বেশী নাম বাদ না পড়লেও পদবীতে ব্যাপক পরিবর্তন এসেছে। সেই সাথে নতুন করে অন্তর্ভূক্ত হয়েছেন প্রথমে কমিটিতে না থেকে বিদ্রোহ করা কয়েকজন নেতা। এদের মধ্যে জগদীশ দাস, তপন মিত্রও রয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন