১ জানুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক : জৈন্তাপুরের ছৈলাখেল থেকে তিন হাজার ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক। তার কাছ থেকে ৫৫০ ভারতীয় রুপি জব্দ করে র্যাব। গ্রেফতার তিন জন হলো– ভারতের শীলং জেলার মুক্তাপুর থানার আমজলং বস্তির রবীন্দ্রনাথ দাশের ছেলে রিকি দাশ (১৯), জৈন্তাপুর উপজেলার আদর্শগ্রামের মো. বদরুল ইসলামের ছেলে মো. ফারুক ইসলাম (১৮) এবং একই গ্রামের মৃত জয়নাল আহমেদের ছেলে মো. শামীম আহমেদ (১৮)।
শুক্রবার দুপুরে র্যাব-৯-এর (গণমাধ্যম) এএসপি ওবাইন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার র্যাবের উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে র্যাব-৯-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।