২১ ডিসেম্বর ২০২০


ড্রেনে পড়ে কবির মুত্যুর ঘটনায় পাঁচজনকে শোকজ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে সিটি কর্পোরেশনের নির্মাণাধীন খোলা ড্রেনে পড়ে কবি আব্দুল বাসিত মোহাম্মদ মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট শাখার নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারসহ মোট ৫ জনকে শোকজ করেছে নগর ভবন কর্তৃপক্ষ। তারা হলেন- সিসিকের সংশ্লিষ্ট কাজের নির্বাহী প্রকৌশলী শামসুল হক, সহকারী প্রকৌশলী রজি উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী দেবপ্রদ দাস, একজন কার্যসহকারী ও ঠিকাদার অরবিন্দ পাল। তাদেরকে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, কবির মৃত্যুর পর পর প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির অপর দুই সদস্য ছিলেন সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও পরিচ্ছন্ন শাখার কর্মকর্তা হানিফুর রহমান। এ কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিলো। তারা তদন্ত করে সংশ্লিষ্ট শাখার নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, কার্যসহকারী ও ঠিকাদারের গাফিলতির বিষয়টি পায়। এর প্রেক্ষিতে তারা প্রতিবেদন দাখিল করে।

প্রসঙ্গত, ৮ ডিসেম্বর সন্ধ্যায় আম্বরখানায় নির্মাণাধীন একটি ড্রেনে পড়ে পেটে রড ঢুকে গুরুতর অসুস্থ হন কবি ও ছড়াকার আব্দুল বাসিত মোহাম্মদ। এরপর ২ দিন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। কবির মৃত্যুর পর পর সিসিকের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন