২ নভেম্বর ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি : করোনা সংক্রমণের কারণে প্রায় ৮ মাস পর খুলেছে মৌলভীবাজার জেলার পর্যটন স্পটগুলো। গত ১৯ মার্চ বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. শফিউল আলম চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুন্ড জলপ্রপাতসহ পর্যটকদের প্রবেশ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ১ নভেম্বর থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবকুন্ড জলপ্রপাত দশনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে হাঁটাচলা করতে হবে।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারিভাবে ছুটি ঘোষণা পরপরই আমরা লাউয়াছড়ায় পর্যটকের প্রবেশাধিকার বন্ধ করে দিই। শুধু লাউয়াছড়া ও মাধবকুন্ড নয়, সিলেটের বিভাগের বিভিন্ন জাতীয় উদ্যানেও একই সিদ্ধান্ত গৃহীত হয়। পর্যটকরা এখন বন ভ্রমণের সুযোগ পাবেন।
জানা গেছে, ১৯৯৬ সালে ১ হাজার ২৫০ হেক্টর জায়গা জুড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। বনের চারপাশ ঘিরে চা বাগান, হাওর, সংরক্ষিত বন ও বনসংলগ্ন গ্রাম রয়েছে। লাউয়াছড়ায় জাতীয় উদ্যানে রয়েছে ১৬৭ প্রজাতির উদ্ভিদ এবং ২৪৬ প্রজাতির আবাসিক এবং পরিযায়ী পাখি।
এছাড়াও রয়েছে কয়েক প্রজাতির স্তন্যপায়ী, সরীসৃপ এবং উভচর প্রাণী। এগুলোর মধ্যে অন্যতম মহাবিপন্ন উল্লুক, মুখপোড়া হনুমান, লজ্জাবতী বানর, বনরুইসহ বিরল প্রজাতির বিপন্ন প্রাণী।
শ্রীমঙ্গল ট্যুর গাইড সৈয়দ রিজভী বলেন, পর্যটকদের আকর্ষণ হলো লাউয়াছড়া উদ্যান। এতোদিন এই উদ্যান বন্ধ থাকায় আমরা ট্যুর গাইডরা বেকার হয়ে ছিলাম। আজ থেকে জেলার সব পর্যটন স্থানগুলো খুলে দেওয়া হয়েছে। পর্যটককের উপস্থিতি ছিল ভালো। সামনে পর্যটনের ভরা মৌসুম। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।