১ নভেম্বর ২০২০
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলায় তাউসিফ আহমদ ও আলামিন নামে নিখোঁজ দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিহত আলামিন আহমদ (৬) রুস্তমপুর গ্রামের কবির মিয়ার ছেলে ও তাউসিফ আহমদ (৭) একই গ্রামের সাবেক মেম্বার ফয়জুর রহমানের ছেলে।
রোববার উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দুইজন সাঁতার কাটতে নেমেই পুকুরের পানিতে ডুবে মারা যায়। মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ। অবশ্য স্বজনরা অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করেছেন।
এর আগে শনিবার বিকেলে শিশু দু’টি বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি। তাদের অভিভাবক বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে না পাওয়ায় রাতে মাইকিং করেন। এরপর রোববার সকালে মসজিদের পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে।