৮ অক্টোবর ২০১৭
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ইউসুফ আলীর মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার সকাল ৬টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে, লাকী হোটেল এন্ড রেস্টুরেন্ট, চা-স্টল, পাইপ স্টার টায়ার সেন্টার, নুরু মিয়া টায়ার সেন্টার, শাহজাহান ভেরাইটিজ স্টোর, লাল বানু চা-স্টল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার ভোর ৬টার দিকে লাকী হোটেলে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। তৎক্ষণাৎ শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। এ অগ্নিকান্ডের ঘটনায় ৬টি দোকান পুড়ে গেছে এবং প্রায় কোটি টাকার মালামাল আগুন থেকে উদ্ধার করা হয়েছে।
(আজকের সিলেট/৮ অক্টোবর/ডি/এমকে/ঘ.)