১২ অক্টোবর ২০২০
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ইজিবাইকের চাপায় নাসিমা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। নিহত নাসিমা আক্তার একই উপজেলার তকবাজখানী এলাকার আমীর হোসেনের স্ত্রী।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরের সংগ্রাম রায়ের পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামলা রানীর দিঘীর পাড় এলাকার মেয়ের বাড়ি থেকে সকালে হেঁটে বাড়ি যাচ্ছিলেন নাসিমা আক্তার। পথে সংগ্রাম রায়ের পাড়ায় পৌঁছালে আদর্শবাজার থেকে বড়বাজারগামী ব্যাটারি চালিত একটি ইজিবাইক তাকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে সড়ক অবরোধের প্রস্তুতি নেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বানিয়াচং থানার এসআই গৌতম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ইজিবাইকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।