২৯ সেপ্টেম্বর ২০১৭
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ শহরতলীর শিবপাশা এলাকায় বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় প্রয়াত ডাঃ বিহারী বাবুর বাড়িতে আগুনের ঘটনায় শহর জুড়ে নানা আলোচনার জন্ম নিয়েছে।
অগ্নিকান্ডে দালান ঘরের ৪টি কক্ষসহ ঘরের ভিতরে থাকা স্বর্ণালংকার, দলিল পত্রাদি নগদ টাকাসহ মুল্যমান মালামাল ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হবে বলে নানা সুত্রে জানাগেছে।
খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্থানীয় লোকদের সহযোগিতায় প্রাণপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় লোকজন একে পরিকল্পিত নাশকতার ঘটনা বলে জানিয়েছেন। ঘটনার সময় পরিবারের লোকজন করগাও ইউপির তাজপুর এলাকায় শারদীয় দুর্গা পুজা উপভোগ করতে গিয়ে ছিলেন। যাবার আগে ঘরের গ্যাস সংযোগ এবং বিদ্যুত লাইন বন্ধ করে বের হন। অগ্নিকান্ডে রান্নাঘর অক্ষত ছিল, অগ্নিকান্ডের সময় শহরে বিদ্যুত ও ছিল না। তবে আগুনের সুত্রপাত ঘটলো কি ভাবে এটাই এখন প্রশ্নবিদ্ধ হয়ে দাড়িয়েছে। ফায়ার সার্ভিসের লোকজনও আগুনের সুত্রপাত নির্ণয় করতে পারেন নি।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য দিবাংশু শেখর দাশ রিন্টু বলেন বাসা থেকে বের হওয়ার আগে ভালভাবে গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে যান। পরিবারের দাবী পুর্ব আক্রোশে পরিকল্পিতভাবে ঘরে আগুন লাগানো হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনর্চাজ তৈয়বুর রহমান জানান, অগ্নিকান্ডের কারন নির্ণয় করা সম্ভব হয়নি। তবে রান্না ঘর অক্ষত এবং অগ্নিকান্ডের অনেক পুর্ব থেকেই বিদ্যুত ছিলনা বলেও তিনি জানান।
এদিকে খবর পেয়ে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সাকের্ল এএসপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মেয়র ছাবির আহমদ চৌধুরী, ওসি এসএম আতাউর রহমান, আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক মোস্তাক আহমদ মিলু, জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, আব্দুল মালিক, যুবলীগের কেন্দ্রীয় সদস্য আব্দুল মুকিত চৌধুরী, প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম প্রমুখ নেতৃবৃন্দ ঘটনাস্থ পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ ঘটনায় নবীগঞ্জে আতংক দেখা দিয়েছে। এলাকাবাসী অগ্নিকান্ডের মুল রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।