১৮ আগস্ট ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি : রাষ্ট্রীয় মর্যাদায় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। জানাজার নামাজকে কেন্দ্র করে মৌলভীবাজার সদরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করায় সেখানে সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় নিরাপত্তামূলক ব্যবস্থা।
মঙ্গলবার আজিজুর রহমানের বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বিকেল ৪টার দিকে মৌলভীবাজার শহরের টাউন ঈদগাহ মাঠে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধিসহ সবপেশার মানুষের অংশগ্রহণে আজিজুর রহমানের জানাজার নামাজ সম্পন্ন হয়।
এর আগে জেলা পুলিশের একটি চৌকস দল রণাঙ্গনের এই বীরযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা করে। পরে প্রয়াত এই মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমেদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার (এসপি) মো. ফারুক আহমেদ প্রমুখ।
জানাজা নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ ও পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের ছোট ভাই মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন। এ সময় তিনি উপস্থিত সবার কাছে তার ভাইয়ের জন্য দোয়া চান।