২৭ সেপ্টেম্বর ২০১৭


ভোলাগঞ্জ দিয়ে পাথর আমদানি শুরু

শেয়ার করুন

নিউজ ডেস্ক: ভারতের আদালতের নিষেধাজ্ঞায় কারণে প্রায় ১১ মাস বন্ধ থাকার পর সিলেটের ভোলাগঞ্জ ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে  ফের বোল্ডার পাথর আমদানি শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বোল্ডার পাথরবাহী ১০টি ট্রাক বাংলাদেশে প্রবেশের মাধ্যমে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটে। এর ফলে পাথর ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন।

সিলেটের কাস্টমস কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জটিলতা নিরসনের পর এ স্টেশন দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বোল্ডার পাথর আমদানি শুরু হয়েছে। আগামী ৩ অক্টোবর থেকে এই স্টেশন দিয়ে চুনাপাথর আমদানি শুরু হবে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার দুপুরে ভারতের ভোলাগঞ্জ মাঝাই এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের ভোলাগঞ্জ ল্যান্ড কাস্টমস স্টেশনের রেভিনিউ অফিসারের কাছে একটি পত্র দেয়। পত্রে এ স্টেশন দিয়ে পাথর আমদানির বিষয়টি অবহিত করা হয়। পরে বিকালে বোল্ডারবাহী ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এ সময় কাস্টমস কর্মকর্তা ছাড়াও উভয় দেশের আমদানি ও রফতানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভারতে খনি থেকে যান্ত্রিক পদ্ধতিতে চুনাপাথর ও পাথর উত্তোলনের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা থাকায় ২০১৬ সালের ৫ নভেম্বর থেকে ভোলাগঞ্জ দিয়ে আমদানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন