১১ আগস্ট ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি : কাতারে সড়ক দুর্ঘটনায় হোসাইন আহমেদ জুয়েল (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তিনি মারা যান। নিহত জুয়েলের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৌর শহরের জয়পাশা এলাকায়।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, জুয়েল কাতারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। ৬ আগস্ট পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার সময় কাতারের আলকুর এলাকায় গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে যান। এতে মাথায় আঘাত পান। পরে স্থানীয় একটি হাসপাতালের নেওয়ার পর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা ও জুয়েলের শ্বশুর জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার জামাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।