২২ জুলাই ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেটে তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। টানা বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা কুশিয়ারায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বুধবার বিকাল ৬ টায় সিলেট পানি উন্নয়ন বোর্ড থেকে প্রাপ্ত তথ্যমতে সিলেটের কানাইঘাট পয়েন্ট দিয়ে এখনো সুরমা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে ফেঞ্চুগঞ্জ পয়েন্ট দিয়েও কুশিয়ারার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সারি নদীর পানি কিছুটা কমেছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে বিকাল ৬ টায় কানাইঘাট পয়েন্ট দিয়ে সুরমা নদীর পানি বিপৎসীমার ০ দশমকি ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ০ দশমিক ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে সারি নদীর পানি গতকালের তুলনায় কিছুটা কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে সিলেটের মাছিমপুর, উপশহর তেররতন, কাজীরবাজারের কিছু এলাকা, কানাইঘাট বাজার, ফেঞ্চুগঞ্জের কিছু এলাকা, কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চলসহ অধিকাংশ জায়গায় পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগ দেখা দিয়েছে।