১২ জুলাই ২০২০
নিজস্ব প্রতিবেদক : অবশেষে অভিভাবক ও সুশীল সমাজের চাপে পড়ে ১৪৮ জন শিশু শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বিবিআইএসসি )।
রোববার ইমেইলের মাধ্যমে এসেসমেন্টকৃত সবার রেজাল্ট সরবরাহ করা হয়।
জানা যায়, করোনাকালীন সংকটে স্কুল বন্ধ থাকায় পরীক্ষার ফি নেওয়া হলেও পরীক্ষা হয়নি। করোনাকালীন চার মাসের টিউশন ফির জন্য এদের রেজাল্ট স্থগিত করে রেখেছিল স্কুল কর্তৃপক্ষ। গত ৫ জুলাই রেজাল্ট প্রকাশিত হওয়ার পর দেখা যায় ২৬১ জন শিক্ষার্থীর মধ্যে জুন মাস পর্যন্ত টিউশন ফি পরিশোধ করা ১১৩ শিক্ষার্থীর রেজাল্ট প্রকাশ করা হয়। বাকি অনেকের ১/২ মাসের বকেয়া থাকলেও রেজাল্ট দেওয়া হয় নি। এরপর থেকে স্কুলের অভিভাবকরা আন্দোলনে নামেন। তাদের সমর্থন করেন সিলেটের সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অভিভাবকদের অভিযোগ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কয়ছর জাহানের একগুঁয়েমি মনোভাবের কারনে এই ভোগান্তি পোহাতে হল শিক্ষার্থীদের। করোনাকালীন সংকটেও টিউশন ফি-তে কোন ছাড় না দিয়ে অমানবিকতার নজির সৃষ্টি করেছেন তিনি, যেখানে স্কুল ছিল বন্ধ এবং অনলাইন ক্লাসও হয়নি। এছাড়া তার অধিনস্তদের তিনি এই শিশু শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবহারের অপচেষ্টা করেছেন। তিনি এক সপ্তাহ ফলাফল আটকে রেখে শিশুদের মনে আঘাত দিয়েছেন, প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করেছেন।
বিতর্ক এড়াতে ও স্কুলের স্বার্থে তাকে সাময়িকভাবে হলেও দায়িত্ব থেকে সরিয়ে দিতে অন্যান্য পরিচালকদের এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন তারা। এছাড়া সরকারি কর্তৃপক্ষের নজরদারিরও দাবি জানান সাধারণ অভিভাবকরা।
এদিকে, সিলেটের অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলেও করোনা কালীন সংকটে ৫০% টিউশন ফি নেওয়া ও উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনঃভর্তি ফি বা অন্য যে কোন নামের মোটা অংকের টাকা ছাড়া লেখাপড়ার সুযোগ দেয়ার দাবী জোরালো হচ্ছে।