২৩ সেপ্টেম্বর ২০১৭


সিলেটের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার আশংকা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে এবং সিলেটসহ কয়েকটি জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী ২৭,২৮ সেপ্টেম্বর সিলেটে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার সিলেট আবহাওয়া অফিস পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সিলেটভিউ২৪ডটকমকে জানান, ‘সিলেটে আগামী ২৭,২৮ সেপ্টেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

 

(আজকের সিলেট/২৩ সেপ্টেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন