২৯ জুন ২০২০
ওসমানীনগর প্রতিনিধি : জরুরী মেরামত কাজের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর অংশে শেরপুর ও কাগজপুর সেতু চারদিন বন্ধ থাকবে। এসময় বিকল্প পথ হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহার করতে হবে।
সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ৩ জুলাই ভোর ৬টা হতে ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাবে মেরামত কাজ হবে। মেরাতম কাজ চলাকালীন সেতু দুটির উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এরজন্য সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সকল প্রকার যানবাহনকে বিকল্প পথ হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।