২৩ সেপ্টেম্বর ২০১৭
বালাগঞ্জ প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে উপলক্ষ করে সিলেটের বালাগঞ্জ উপজেলায় প্রতিমা তৈরি ও সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন পূজামণ্ডপের আয়োজক ও কারিগররা। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এ বছর বালাগঞ্জ উপজেলায় ২৮টি মণ্ডপে প্রস্তুতি গ্রহণ করা হলেও বন্যার কারণে একটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ। উপজেলায় ২৭টি মণ্ডপে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। সার্বজনীন ২৫টি ও ব্যক্তিগত ২ মণ্ডপে চলছে জোরালো প্রস্তুতি।
কয়েকদিন পরই শারদীয় দুর্গোৎসবে ঢাকের বাজনা, উলুধ্বনি ও আরতিতে মুখরিত হবে পাড়া মহল্লা। আগামী ২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠিতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। ইতিমধ্যে পূজা মন্দির ও মন্ডপগুলোও সাজানো হচ্ছে নানা রঙে।
অন্যদিকে, উপজেলায় ১২টি মণ্ডপ ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রশাসন। তার মধ্যে ২টি মণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ ও ১০টি মণ্ডপ ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে বালাগঞ্জ প্রশাসন। তবে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলে জানা গেছে। মণ্ডপে সুষ্ঠু পরিবেশের জন্য আয়োযকদের নিজস্ব ১০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবকদলসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
বালাগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রজত চন্দ্র দাশ ভুলন জানান, বালাগঞ্জ উপজেলায় ২৮টি পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি গ্রহণ করলেও বন্যার কারণে একটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে না। ইতিমধ্যে বালাগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপনের জন্য গঠন করা হয়েছে মনিটরিং সেল। পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে প্রস্তুত করা হচ্ছে বিসর্জন মঞ্চ।
বালাগঞ্জ থানার ওসি এস এম জালাল উদ্দিন জানান, সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে যাতে দুর্গোৎসব পালন করতে পারেন সে ব্যপারে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
(আজকের সিলেট/২৩ সেপ্টেম্বর/ডি/কেআর/ঘ.)