১১ জুন ২০২০


সিলেট জেলায় হাজার ছাড়ালো আক্রান্ত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আক্রান্তের দিক থেকে ইতোমধ্যে রেড জোনের তালিকায় ঢুকে পড়েছে সিলেট। বিভাগের চার জেলা রেড জোনের আওতায় থাকলেও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে সিলেট জেলায়। নতুন করে আক্রান্ত ৯১ জন এবং মঙ্গলবার ঢাকা থেকে আসা ৩৩ জনসহ সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা পৌঁছলো এক হাজার ১১২ জনে। সেই সঙ্গে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো এক হাজার ৮২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৫৫ জনের এবং আগের দিন মঙ্গলবারদ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া ঢাকা থেকে করোনা পজিটিভ আসা ৩৩ জনও সিলেটের।

তিনি বলেন, বুধবার ওসমানী মেডিক্যাল পিসিআর ল্যাবে আক্রান্তদের মধ্যে সরকারের একটি বিশেষ বাহিনীর ১২ জন, ওসমানী মেডিক্যালের ২৪ জন, সিভিল সার্জন কার্যালয়ের ৩ জন, র‌্যাব-৯ এর ১২ জন, পুলিশের একজন এবং একটি সরকারি অফিসের আরো ৪ জন।

এছাড়া মঙ্গলবার ওসমানীতে ২য় দফায় শনাক্ত ৩৬ জনের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১২ জন, সরকারের একটি বিশেষ বাহিনীর ২২ জন, শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের ১ জন এবং সিভিল সার্জন কা্র্যালয়ের আরও একজন রয়েছেন।

তিনি আরো বলেন, আগের দিন ঢাকা আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি থেকে শনাক্ত হয়ে আসা ৩৩ জন কোন এলাকার শনাক্ত না হওয়াতে প্রথম অবস্থায় হিসেবে আনা হয়নি। অবশ্য এই ৩৩ জনের সবাই সিলেটের বাসিন্দা। তাদের মধ্যে গোলাপগঞ্জ উপজেলার ১৬ জন, কানাইঘাট উপজেলার ১০ জন, দক্ষিণ সুরমার ৩ জন, গোয়াইনঘাটের ৩ জন এবং বিশ্বনাথের একজন। আক্রান্তদের মধ্যে আরো ৪ জন চিকিৎসক রয়েছেন।

ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, এদিন ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাবে ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জনের করোনা পজিটিভ আসে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, সিলেট বিভাগে মোট এক হাজার ৮২২ জন আক্রান্তের বিপরীতে সুস্থ হয়েছেন ৪১৫ জন এবং মারা গেছেন ৩৮ জন। সিলেটে ১১১২ জন আক্রান্তের বিপরীতে সুস্থ হয়েছেন ১৩১ জন এবং মারা গেছেন ২৯ জন। সুনামগঞ্জে ৩৫০ জন আক্রান্তের বিপরীতে সুস্থ হয়েছেন ৮৭ জন এবং মারা গেছেন ৩ জন। হবিগঞ্জে ২০৮ জন হলেও সুস্থ হয়েছেন ১৩৫ জন এবং মারা গেছেন ২ জন, এছাড়া মৌলভীবাজারে ১৫২ জন আক্রান্তের বিপরীতে ৬২ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ৪ জন।

শেয়ার করুন