১০ জুন ২০২০


চুনারুঘাটে সড়কের বেহাল দশা, ভোগান্তিতে জনসাধারণ

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ৪নং পাইকপাড়া ইউনিয়নে পাইকপাড়া বদরগাজী প্রধান সড়কটি দীর্ঘদিন থেকে ভাঙাচুরা অবস্থায় রয়েছে। সড়কের বেশিরভাগ অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় ভোগান্তি নিয়ে চলাচল করছেন ৬-৭ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ।

জানা যায়, দীর্ঘদিন পূর্বে পাইকপাড়া হতে বদরগাজী, হলহলিয়া, হলদিবহুড়াদেওন্দি, কাঁটল বাড়ি, আবদুল্লাপুর, উজ্জ্বল পুর গ্রামবাসীর একমাত্র চলার এই রাস্তাটি পাকা করনের কাজ হয়। কিন্তু আশেপাশের জিলানীছড়া, সুতাং নদী থেকে বালু উত্তোলন করে করে বালু বুঝাই ট্রাক্টর গুলো এই সড়ক দিয়ে চলাচল করে। এতে অল্প দিনেই রাস্তাটির বেহাল দশা হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন থেকেই রাস্তাটি খানাখন্দে ভরপুর হয়ে আছে। অথচ কেউ এটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। যে যার মতো করে চলছে। আমরা চাই আমাদের এই একমাত্র রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়। কারণ এই রাস্তার কারণে আমাদের সন্তানাদি স্কুলে মাদ্রাসায় যেতে কষ্ট ভোগ করতে হয়। এছাড়াও এলাকার বয়স্ক,গর্ভবতী মহিলা ও রোগীর জন্যে মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে রাস্তাটি।

৪নং পাইকপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শামসুজ্জামান শামীম বলেন, এই রাস্তাটি বেহাল অবস্থা বিষয়ে আমি অবগত আছি। ইতোমধ্যে আমি রাস্তাটি সংস্করণের জন্যে উদ্যোগ নিয়েছি। পরবর্তীতে এলজিআরডি অফিস থেকে রাস্তাটি সংস্কারের জন্যে নাম নেয়া হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু করা হবে।

শেয়ার করুন