৯ জুন ২০২০


রেড জোনে ‘এ্যকশনে’ সিসিক : মামলা, জরিমানা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আধ্যাত্মিক নগরীর স্বাস্থ্যবিধি রক্ষায় ‘কঠোরভাবে’ মাঠে নেমেছে সিলেটে সিটি কর্পোরেশন। এ উপলক্ষ্যে নগরের রাস্তাঘাট, বিভিন্ন মার্কেট ও দোকানে অভিযান চালিয়েছে সিসিক’র ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে গাড়িচালক, পথচারী ও দোকানিদের স্বাস্থ্যবিধি অমান্য করায় অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে কয়েকটি দোকান ও মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে এই অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) মো. জসীম উদ্দিন।

মো. জসীম উদ্দিন জানান, দুপুরে নগরের বন্দরবাজার, মহাজনপট্টি ও লালদিঘীরপারে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। এসময় দোকানে ক্রেতা-বিক্রেতাদের মাঝে শারীরিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক না পরাসহ সরকারি স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৫টি দোকান, সিএনজি অটোরিকশাতে যাত্রী তোলার কারণে দুইজন চালক ও মাস্ক না পরায় একজন পথচারীকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৯টি মামলাও দায়ের করা হয়েছে। এছাড়াও হকার মার্কেট পুরোটাই বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি বলেন, সিলেটকে রোড জোন ঘোষাণর পরও রাস্তাঘাট ও দোকানগুলোতে ভয়াবহ অবস্থা। প্রতিটি খোলা দোকানে ক্রেতাদের শারীরিক দূরত্বহীন ভিড়। রাস্তাঘাটে মানুষজন মাস্কবিহীন চলাফেরা করছে এবং সিএনজি অটোরিকশাগুলোতে যাত্রী তোলার ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এরকম চলতে থাকলে সিলেটের জন্য আরও ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। তাই এটি রোধ করতে এখন থেকে প্রতিদিনই সিসিক’র এমন অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন