৮ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক : ‘রেড জোন’ সিলেটে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সিলেট বিভাগে নতুন করে আরো ৭৭ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ৩৬ জন সিলেটের এবং ৩৪ জন সুনামগঞ্জের। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৪৭ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট জেলায় আক্রান্ত ৩৬ জনের মধ্যে জকিগঞ্জে ১১ জন, বিয়ানীবাজারে ৪ জন, বালাগঞ্জে একজন এবং বাকিরা সিলেট সদর ও মহানগর এলাকার। আক্রান্তদের মধ্যে ৩ জন চিকিৎসক রয়েছেন। এর মধ্যে এক জনের রি-টেস্ট করা হয়েছে।
এছাড়া এদিন শাবি’র (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে ছাতক উপজেলায় ২৪ জন, বিশ্বম্ভরপুরে একজন, জামালগঞ্জে ৫ জন, দোয়ারাবাজারে ২ জন, তাহিরপুরে ২ জন রয়েছেন বলেও জানান তিনি।
এদিকে, ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালের পিসিআর ল্যাবে ১৮৭ জনের নমুনা পরিক্ষায় ৩৬ জনের করোনা পজিটিভ এসেছে।
স্বাস্থ্য অধিদফতর সিলেটের তথ্যমতে, নতুন করে আক্রান্ত ৭৭ জনসহ বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৭ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৮৮৩ জন, সুনামগঞ্জে ২৭০ জন, হবিগঞ্জে ২০৮ জন এবং মৌলভীবাজারে ১৫২ জন।