৮ জুন ২০২০


কামরানের জন্য ‘এ’ পজিটিভ করোনাজয়ীর প্লাজমা প্রয়োজন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শরীরে রক্ত চলাচল কম। কষ্ট হচ্ছে শ্বাস-প্রশ্বাস নিতে। এ অবস্থায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানকে রোববার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তাকে প্লাজমা থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দেহে করোনাজয়ী কারো ‘এ’ পজিটিভ রক্তের প্রয়োজন। ওই রক্ত থেকে সংগৃহীত প্লাজমা থেরাপি দিলেই দ্রুত সুস্থ হয়ে উঠবেন কামরান।

মহানগর যুবলীগ নেতা মেহেদী কাবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত কামরানকে প্লাজমা থেরাপি প্রদান করা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এজন্য করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন এমন ব্যাক্তি যার রক্তের গ্রুপ ‘এ+’ (এ পজিটিভ), তার প্লাজমা প্রয়োজন। এরইমধ্যে আমরা চট্রগ্রামসহ দেশের কয়েকটি অঞ্চল থেকে সাড়া পেয়েছি। কিন্তু তারা অনেক দূরের। আমরা চাচ্ছি রক্তদাতা কেউ ঢাকার বাসিন্দা হলে ভালো হয়।

প্রসঙ্গত, অবস্থা সংকটাপন্ন হওয়াতে রোববার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে বদর উদ্দিন আহমদ কামরানকে ঢাকায় নেওয়া হয়। এর আগে তিনি সিলেট নগরের শহীদ ডা. সামসুদ্দিন হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন।

এর আগে গত শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কামরানের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাত থেকে প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হলেও শনিবার সকালে বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। এর আগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন