৩১ মে ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাস শনাক্তে হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজে স্থাপিত হবে পিসিআর ল্যাব। পিসিআর ল্যাব স্থাপনের লক্ষ্যে ২০ মে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন শেখ হাসিনা মেডিকেল কলেজে পাঁচ জন ল্যাব টেকনেশিয়ান নিয়োগের চিঠি পাঠায়। তাদের দুইজন হবিগঞ্জের। বাকী তিন জন ঢাকা, সিলেট ও মৌলভীবাজার থেকে এসেছেন।
জানা গেছে, করোনার হটস্পট নারায়ণগঞ্জসহ অনেক স্থান থেকে আসা লোকজনের মাধ্যমে হবিগঞ্জে শুরু হয় এই ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন। ইতোমধ্যে এখানে আক্রান্তের সংখ্যা ১৭১ জন। মারা গেছে এক শিশু। সিলেট বিভাগের প্রবেশ দ্বার এবং আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রেড জোন হিসেবেই বিবেচনা করা হচ্ছিল হবিগঞ্জকে।
হবিগঞ্জের সংসদ সদস্য আবু জাহির বিষয়টি নিশ্চিত করে জানান, ল্যাবের জন্য ইতোমধ্যে পাঁচ জন টেকনেশিয়ান নিয়োগ দেওয়া হয়েছে। এখন শুধু মেশিনের অপেক্ষা। সরকার পক্ষ থেকে শিগগির একটি মেশিন ক্রয়ের পর পাঠানো হবে।
তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে পাঁচ জন টেকনেশিয়ান নিয়োগ দেওয়া হয়েছে। শীঘ্রই একটি পিসিআর মেশিন প্রেরণ করা হবে ঢাকা থেকে। তার পরপরই করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হবে বলে আমরা আশাবাদী।’