২৮ মে ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেটে বাসসহ গণপরিবহন চলাচলের বিষয়ে আগামী ৩০ মে শনিবার সিদ্ধান্ত নেয়া হবে। বৃহস্পতিবার সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক এ কথা জানান।
তিনি বলেন, গতকাল রাতে সীমিতভাবে গণপরিবহন চালু হতে যাচ্ছে বিষয়টা জেনেছি। আমরা এ বিষয়ে আগামী শনিবার বৈঠকে বসবো। বৈঠকে সবার মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
৩১ মে থেকে সিলেটে গণপরিবহন চলাচলের বিষয়ে তিনি বলেন, আমরা সবসময়ই সরকারের সিদ্ধান্তের পক্ষেই আছি এবং করোনা পরিস্থিতিতে সরকারের আদেশ জারির পর থেকেই সিলেটেও গণপরিবহন বন্ধ করে দেই। এবার সরকার যদি সারা দেশে গণপরিবহন ৩১ মে থেকে চালুর নির্দেশনা দেয়, তবে আমরাও সে নির্দেশের আলোকেই সিদ্ধান্ত নিবো। তারপরও বৈঠকে স্থানীয় প্রশাসন এবং এ সংশ্লিষ্ট শীর্ষ নেতৃবৃন্দর মতামত নেয়া হবে।
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলমান সাধারণ ছুটি আর না বাড়ার সঙ্গে সঙ্গে সীমিতভাবে গণপরিবহন (বাস, নৌযান ও ট্রেন) চালু হতে যাচ্ছে।