১৩ মে ২০২০


কারাগারে লকডাউনে ৮৬ হাজতি, কোয়ারেন্টিনে ২৪ কারারক্ষী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : হত্যা মামলায় সিলেট কারাগারের এক হাজতির করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় ৮৬ হাজতিকে লকডাউনে আনা হয়েছে। একইসঙ্গে কারাগারের ২৪ কর্মকর্তা-কর্মচারীকে কোয়ারেন্টিনে রাখা রয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে বলেন, এক হাজতির মৃত্যুর পর তার করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় কারাগারে ওই হাজতির ওয়ার্ডটি পুরোপুরি লকডাউন করে দেওয়া হয়েছে। যেখানে ৮৬ জন আসামী রয়েছেন।

এছাড়া করোনা সংক্রমণ এড়াতে বিভিন্নভাবে ওই হাজতির সংস্পর্শে যাওয়া আরও ২৪ কর্মকর্তা-কর্মচারী কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে।

জেলার বলেন, এখন পর্যন্ত কারও নমুনা পরীক্ষা করা হয়নি। তবে সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এটা একটা প্রক্রিয়ার ব্যাপার তাই একটু সময় নিয়ে করা হচ্ছে।

এর আগে রোববার সিলেট কেন্দ্রীয় কারাগারের এক হাজতি করোনা উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর পরদিন সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিপিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

মৃত আহমদ হোসেন (৫৫) নামের ওই ব্যক্তি কানাইঘাট উপজেলার একটি খুনের মামলায় গত দুই মাস ধরে জেল-হাজতে ছিলেন। তার গ্রামের বাড়ি ওই উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউপির ঘড়াইগ্রামে।

সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো আনিসুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা সূত্র জানায়, গত ৫ মার্চ একটি খুনের মামলায় কারাগারে যান আহমদ হোসেন। এরপর ৮ মে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তার মধ্যে করোনার উপসর্গ থাকায় ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করে।

পরদিন ৯ মে তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১১ মে তার রিপোর্ট পজিটিভ আসে।

শেয়ার করুন