২৭ এপ্রিল ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে আরও ৮ জনের করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৭ জনে।
রোববারও ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৬৫ জনের নমুনা পরীক্ষায় নতুন ৮ জনের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্ত ৮ জনের মধ্যে মৌলভীবাজারের ৬ জন, হবিগঞ্জ ও সুনামগঞ্জের একজন করে রোগী আছেন। এরমধ্যে সুনামগঞ্জের শনাক্ত রোগী সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের হিসাব অনুযায়ী, ভাইরাস সংক্রমণে আক্রান্ত রোগীদের বেশিরভাগই হবিগঞ্জের। ৭ এপ্রিল থেকে এ পর্যন্ত ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৬৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়। এর মধ্যে সিলেটের ১২ জন রোগী, সুনামগঞ্জের ১৫ জন, মৌলভীবাজারের ১২ জন, এবং হবিগঞ্জের ২৮ জন রোগী আছেন।
এছাড়াও ঢাকা রোগতত্ত্ব বিভাগ থেকে হবিগঞ্জের আরও ২০ জনের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ডা. মঈন উদ্দিন ছাড়াও মৌলভীবাজারের একজন এবং শনিবার রাতে হবিগঞ্জ থেকে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হওয়া পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।