৮ এপ্রিল ২০২০
আজকের সিলেট ডেস্ক : রোগীকে ডাক্তার খুঁজতে হবে না। ঘুরতে হবে না হাসপাতালের দুয়ারে দুয়ারে। উল্টো ডাক্তারই খুঁজে নিচ্ছেন রোগীর বাড়ি। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ ( কেশবপুর ) উপনির্বাচনে নৌকার প্রার্থী শাহীন চাকলাদারের নির্দেশনায় ও সহযোগিতায় যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে যশোর জেলার আট উপজেলাব্যাপী শুরু হচ্ছে ছাত্রলীগের ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা।
করোনাভাইরাস নিয়ে ভয়-আতঙ্কে সবাই। কারো হয়তো সাধারণ সর্দি-কাশি বা জ্বর হয়েছে, মনে মনে শঙ্কা- ‘আমাকে করোনাভাইরাসে ধরেনি তো!’ গ্রামের মানুষের মধ্যে এর সঙ্গে আছে কুসংস্কার, লোকলজ্জা এবং অসুখ গোপন করার প্রবণতা। যদি ডাক্তারের কাছে গেলেই করোনাভাইরাস বলে হাসপাতালে ভর্তি করে দেয়! মানুষ তো তখন আর গ্রামেই থাকতে দেবে না! আবার অন্য রোগ নিয়ে হাসপাতালে গেলেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ভয় থাকে। সে জন্য অনেকে অন্য রোগে অসুস্থ হলেও ডাক্তারের কাছে যাচ্ছেন না।
এই সব সমস্যার সমাধানে যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ রোগীর বাড়িতে পৌঁছে যাবেন। তাহলে কেউই আর বিনা চিকিৎসায় কষ্ট পাবে না। কেউ অসুস্থ বোধ করলে যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের কুইক রেসপন্স টিমের নম্বরে যোগাযোগ করলে টেলিসেবা প্রদান করা হবে প্রয়োজনে রোগীর বাড়িতে হাজির হবেন সেবা দিতে। রোগী দেখে প্রয়োজনে কিছু ঔষধও দিয়ে আসবেন তারা।