৫ এপ্রিল ২০২০
অতিথি প্রতিবেদক : ঢাকাসহ দেশের নয় জেলায় কোভিড-১৯ সংক্রমণ হওয়ার খবরে প্রবাসী অধ্যুষিত সিলেটে আতঙ্ক বেড়েছে। যদিও শনিবার ৪ এপ্রিল পর্যন্ত সিলেটের চার জেলায় কোভিড-১৯ আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি বলে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) শনিবার ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু এবং ৯জন আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করলে মানুষ আতঙ্ক হয়ে পড়েন। কারণ গত কয়েকদিন বাংলাদেশে মৃত্যু এবং আক্রান্ত হওয়ার সংখ্যা এ তুলনায় কম ছিল।
এদিকে, আইইসিডিয়ার এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে দেশের ৯ জেলায় কোভিড-১৯ সংক্রমণ ঘটেছে। এর মধ্যে শুধু রাজধানীর ১৮টি এলাকায় ৩৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, সিলেটে সন্দেহ নিয়ে হাসপাতালের আইসোলেশনে থাকা এ পর্যন্ত ২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। কোভিড-১৯ নেগেটিভ আসায় আইসোলেশন থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুইজন এবং হবিগঞ্জে একজনসহ মোট তিনজন করোনা ভাইরাস সন্দেহে আইসোলেশনে আছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় এক ব্যক্তি সিলেটে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। আইসোলেশনে আছেন আরো একজন। অন্য একজন ভর্তি আছেন হবিগঞ্জ হাসপাতালে।
শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, শুক্রবার সন্ধ্যায় নতুন আরেক রোগীকে হাসপাতাল আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার তার রক্তের নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে।
তিনি বলেন, হাসপাতালে দু’জন ভর্তি ছিলেন। শুক্রবার একজন পুরুষের রক্ত পরীক্ষার রিপোর্ট ঢাকা থেকে হাতে এসে পৌঁছায়। রেজাল্ট নেগেটিভ আসায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর নতুন করে একজন করোনা সন্দেহে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, সিলেট দুইজন ও হবিগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশনে একজন ভর্তি হয়েছেন।
এ পর্যন্ত নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসায় সিলেটে আইসোলেশন থেকে মোট ২৩ জন ছাড়পত্র পেয়েছেন।
এদিকে, করোনাভাইরাসে (কভিড-১৯) শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের ৯ জেলায় সংক্রমণ ঘটেছে। এর মধ্যে শুধু ঢাকায় ৩৬ জন শনাক্ত হয়েছে। যার মধ্যে রাজধানীর ১৮ এলাকা রয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইটে পাওয়া গেছে এ তথ্য।
দেশের করোনা আক্রান্ত নয়টি জেলা হলো ঢাকা, মাদারীপুর, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, কক্সবাজার, চুয়াডাঙ্গা, রংপুর, কুমিল্লা ও গাজীপুর। এছাড়া রাজধানীর যে ১৮টি এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে সেগুলোর মধ্যে রয়েছে- মণিপুর (পাঁচজন), বাসাবো (চারজন), পুরান ঢাকার বাংলাবাজার (তিনজন), সেনপাড়া, মোহাম্মদপুর, লালমাটিয়া, হাজারীবাগ, মগবাজার, উত্তরা ও উত্তরখান (দুজন করে) এবং মিরপুর ১০ ও ১১ নম্বর, যাত্রাবাড়ী, আজিমপুর, কলাবাগান, রামপুরা, মহাখালী, বনানী-গুলশান, বারিধারা ও খিলক্ষেত (একজন করে)।