৩১ মার্চ ২০২০
ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এক বছর পিছিয়ে ২০২১ সালে জাপানে অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক। তবে ২০২১ সালে হলেও এই অলিম্পিকের নাম থাকবে আগের মতোই ‘টোকিও ২০২০’।
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) নির্বাহী বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, ২০২১ সালের ২৩ জুলাই জাপানে শুরু হবে টোকিও অলিম্পিক। চলবে ৮ আগস্ট পর্যন্ত।
এদিকে চলতি বছরের ২৫ আগস্ট শুরু হওয়ার কথা ছিল প্যারাঅলিম্পিক গেমস। করোনার কারণে সেটিও এক বছর পেছানো হয়। এবার নতুন তারিখ নির্ধারিত হয়েছে ২০২১ সালের ২৪ আগস্ট। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আসরটি।
আইওসির সভাপতি থমাস বাচ বলেন, আমি আত্মবিশ্বাসী, টোকিও ২০২০ অলিম্পিকের আয়োজক কমিটি, টোকিও মেট্রোপলিটন, জাপানিজ সরকার এবং আমাদের সকল অংশীদার মিলে এই নজিরবিহীন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব।
তিনি যোগ করেন, মানবজাতি বর্তমানে এক অন্ধকার সুরঙ্গের মধ্যে দিন কাটাচ্ছে। টোকিও ২০২০ অলিম্পিক গেমস এই সুরঙ্গের শেষ সীমায় আলো হতে পারে।