১৩ মার্চ ২০২০
ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে বিএনপির প্রশ্ন তোলা হাস্যকর বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি লুটপাটের জন্য ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে। তারা মুজিববর্ষ বাতিল করতে চেয়েছিল। এখন করোনা পরিস্থিতি নিয়ে সমালোচনা করছে।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকে তার বক্তব্যে দেশবাসীকে সচেতন করছেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে পরীক্ষা-নিরীক্ষা জোরদার করা হয়েছে।
ইতালিফেরত দুজনসহ মোট তিনজন যারা করোনা আক্রান্ত হয়েছিলেন, তারা এখন সুস্থ উল্লেখ করে সাধারণ সম্পাদক বলেন. বিশ্বের প্রায় শতাধিক দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা বিপদমুক্ত। করোনা ভাইরাস একটি বৈশ্বিক সংকট। এই পরিস্থিতিতে দেশবাসীকে ভীত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
করোনা মোকাবিলায় দেশব্যাপী সতর্কতামূলক লিফলেট বিলি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ও উত্তরের সভাপতি এবং দলের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে করোনা পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক প্রচারপত্র তুলে দেন ওবায়দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হেসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান।
এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি বজলুর রহমান, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ, সচিব মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ।