৬ মার্চ ২০২০
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ছয় যাত্রী নিহতের রেশ কাটতে না কাটতেই আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়।
শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার তানভিরগাঁও নামক এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে প্রাণ হারান যানটির আট যাত্রী। আহত হয়েছেন অন্তত চারজন।
শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া এই তথ্য জানিয়েছেন।
জানা গেছে, মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে মাইক্রোটি তানভিরগাঁও নামক এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি গাছের সঙ্গে ধাক্কা খেলে আটজনের প্রাণহানি হয়। আহতদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।