৩ মার্চ ২০২০
বালাগঞ্জ প্রতিনিধি :বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। কমিটি গঠনের পর খবর পেয়ে ফুসে ওঠে তৃণমূল নেতাকর্মীরা। এদিকে নবগঠিত আহবায়ক কমিটি গঠন নিয়ে স্বজন প্রীতির অভিযোগ করছে অনেকে। এনিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
জানা যায়, গত শনিবার জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বালাগঞ্জ উপজেলা শাখায় ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন। এরপর থেকে উক্ত কমিটি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটিকে স্বাগত জানালেও অনেকে তা প্রত্যাখ্যান করে ফেইসবুকে স্ট্যাটাসে নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন।
বিএনপির একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করে জানান, নিখোঁজ সাবেক এমপি ইলিয়াস আলীর ঘাটি খ্যাত বালাগঞ্জ উপজেলা বিএনপি। এখানেই বিএনপির শক্ত অবস্থান রয়েছে। এই অবস্থানকে নষ্ট করতে পায়তারায় লিপ্ত রয়েছেন কতিপয় কিছু নেতারা। যারা মামলা হামলার শিকার কমিটিতে তাদের নাম নাই। তৃণমূলের একাধিক নেতারা অভিযোগ করেন,ঘোষিত কমিটিতে সাংগঠনিক ভাবে দক্ষ ও যোগ্য নেতাদের বাদ দিয়ে দুর্বল নেতৃত্ব দিয়ে একটি পকেট কমিটি দেয়া হয়েছে। এতে অনেক ত্যাগী নেতাকর্মীর নাম বাদ পড়েছে। কমিটির বিষয়ে স্থানীয় নেতাদের নিয়ে আলোচনা করা হয়নি। সুবিধাভোগিরা ও নবাগতরা বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা দিয়ে কমিটিতে তাদের স্থান করে নিয়েছেন। যাতে বিএনপির ভবিষ্যৎ অমঙ্গল এবং হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।
বালাগঞ্জ থানা বিএনপির সাবেক সম্পাদক এম মুজিবুর রহমান বলেন, সবাইকে নিয়ে বসে কমিটি করা উচিত ছিল। দলের ত্যাগি নেতাদের মূল্যায়ন করা হয়নি।
বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আব্দুর নুর জানান, আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের বাদ দিয়ে অনেকটা নিষ্ক্রিয়দের পুরুস্কৃত করা হয়েছে। অথচ দলের নেতা-কর্মীরা মনে করেছিলেন রাজনৈতিক অভিজ্ঞতা আছে এবং আন্দোলন সংগ্রামে সক্রিয় এমন নেতাদের হাতেই দায়িত্ব দেওয়া হবে।কিন্তু বাস্তবে হলো এর উল্টো। ফলে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুরুজ আলি জানান,এই কমিটি জেলা বিএনপি আহবায়কের খেয়াল খুশিমত এই কমিটি গঠন করা হয়েছে। এর ফলে বিএনপির অসংখ্য ত্যাগী নেতাকর্মীরা বাদ পড়েছে। আমি মনে করি এটা দলের গঠনতন্ত্র মোতাবেক হয়নি।
সদ্য ঘোষিত কমিটির আহবায়ক রশিদ আহমদ জানান,কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কমিটি গঠন করা হয়েছে।দলের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করেই জেলা কমিটি বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটিকে অনুমোদন দিয়েছে। পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন।
সদ্য ঘোষিত বালাগঞ্জ উপজেলা বিএনপির ২১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক রশিদ আহমদ যুগ্ন আহবায়ক সিরাজুজ্জামান খান,আমিরুল ইসলাম রুবেল,সদস্য মুজিবুর রহমান, লুতফুর রহমান, মকবুল আলি,আলাউদ্দিন রিপন,প্রমুখ।