২৯ ফেব্রুয়ারি ২০২০
ডেস্ক রিপোর্টস : রাজধানীর মুগদায় ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে সিলেট নগরীর এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম তারিনা বেগম লিপি (৩৮)। তিনি নগরীর সদর উপজেলার গোলাম কিবরিয়ার স্ত্রী।
শনিবার ভোর পৌনে ৬টার দিকে মুগদা স্টেডিয়াম ইউনিক বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের আত্মীয় আদনান তাহের জানান, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি লিপিরা সপরিবারে তাদের ঢাকার দক্ষিণ রাজারবাগ এলাকার বাসায় বেড়াতে আসে। শনিবার ভোরে সিলেট যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। বাসার সামনে থেকে কমলাপুর স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে তাদের রিকশায় তুলে দেয়া হয়।
আদনান আরো জানান, দুই রিকশা নিয়ে তারা যাচ্ছিছিলেন। এক রিকশায় ছিলেন লিপি ও তার বড় ছেলে শাহরিয়ার রিংকি (১৫) অন্য রিকশায় গোলাম কিবরিয়া ও মেয়ে তামিসা বিনতে কিবরিয়া (৬)। তারা রিকশা নিয়ে মুগদা স্টেডিয়াম এলাকায় পৌঁছালে দুই-তিনজন ছিনতাইকারী লিপির হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগসহ রিকশা থেকে নিচে পড়ে গিয়ে মাথা ফেটে যায় ও অজ্ঞান হয়ে যান লিপি।
মুগদা থানার উপ-পরিদর্শক আলী আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুগদা স্টেডিয়াম এলাকায় ইউনিক বাস কাউন্টারের সামনে রাস্তায় একটি প্রাইভেটকারে ছিনতাইকারী এসে ওই নারীর কাছে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে যাওয়ার সময় তিনি রিকশা থেকে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। এ সময় ছিনতাইকারীরা ওই ভ্যানিটি ব্যাগটি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়।