২০ ফেব্রুয়ারি ২০২০


ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ কাজের বাধা কাটলো

শেয়ার করুন

ডেস্ক রিপোর্টস : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজের জন্য আহ্বান করা দরপত্রের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন সচিবসহ দুজনের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় দরপত্র প্রক্রিয়ার পরবর্তী কার্যক্রম চালাতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।

আবেদনকারীপক্ষ জানায়, ওই কাজের জন্য ২০১৮ সালে দরপত্র আহ্বান করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় চলতি বছরের ৬ ফেব্রুয়ারি অংশগ্রহণকারীদের কারিগরি মূল্যায়ন করা হয়। তবে এই মূল্যায়নের বৈধতা নিয়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাইকোর্টে রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিয়ে ওই দরপত্র প্রক্রিয়ার পরবর্তী সব কার্যক্রম স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান আবেদন করেন, যা বুধবার চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। অন্যদিকে রিট আবেদনকারী ন্যাশনাল ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, এ এম আমিন উদ্দিন ও মাহবুব শফিক।

শেয়ার করুন