১৩ ফেব্রুয়ারি ২০২০


আবারও পেছালো অনন্ত হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্টস : আবারও পিছিয়েছে বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। সাক্ষীরা উপস্থিত না হওয়ায় এর আগেও একাধিকবার পিছিয়েছে চাঞ্চল্যকর এই মামলার শুনানি। বারবার তারিখ পেছানোতে ক্ষোভ প্রকাশ করেছেন অনন্তর স্বজনরা। তারা দ্রুত মামলার কাজ শেষ করার দাবি জানিয়েছেন।

বৃহস্পিতবার চাঞ্চল্যকর এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ থাকলেও কোনো সাক্ষীকে আদালতে হাজির করেনি পুলিশ। ফলে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেন সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসা।

বাদীপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করছেন এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। তাঁর সহকারী হিসেবে ছিলেন মোহাম্মদ মনির উদ্দিন। তিনি বলেন, সাক্ষীদের কারণে বারবার তারিখ পেছানো হচ্ছে। এটা খুবই হতাশাজনক। সাক্ষী হাজির করেত না পারা রাষ্ট্রপক্ষের ব্যর্থতা।

এই মামলার মোট ২৯ জনকে সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে নানা অযুহাতে বারবার পিছিয়ে যাচ্ছে সাক্ষ্য গ্রহণের তারিখ। এই মামলার বিচার কার্যক্রম ৬ মাসের মধ্যে সম্পন্ন করার জন্যে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। তবে অনেক আগেই পেরিয়ে গেছে এই সময়সীমা।

উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে কর্মস্থলে যাওয়ার পথে নগরীর সুবিদবাজারের নিজ বাসার সমানে উগ্রবাদীরা কুপিয়ে হত্যা করে অনন্ত বিজয় দাশকে। এ ঘটনায় অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে নগরীর বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে মান্নান ইয়াহিয়া, আবুল খয়ের রশিদ আহমদ, শফিউর রহমান ফারাবী, আবুল হোসেন, ফয়সল আহমদ, হারুন অর রশিদকে অভিযুক্ত করে চার্জশীট দেয় পুলিশ। এদের মধ্যে মান্নান ইয়াহিয়া কারাগারে আটক অবস্থায় মারা যান। তিনি এই হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। বর্তমানে আবুল খয়ের রশিদ আহমদ ও শফিউর রহমান ফারাবী কারাগারে আটক এবং অপর আসামিরা শুরু থেকেই পলাতক রয়েছেন।

শেয়ার করুন