১১ ফেব্রুয়ারি ২০২০


সুনামগঞ্জে তিন পাড়ায় সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১৫

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে তিন পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সাত জনকে টেঁটাবিদ্ধ অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর হাসপাতাল থেকে দুই জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এছাড়া তাহিরপুর থানা পুলিশ আরও ১১ জনকে আটক করেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের পূর্বপাড়া, পশ্চিমপাড়া ও মধ্যপাড়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। যাদের অবস্থা গুরুতর তাদের সবাইকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুধের আউটা গ্রামের মো. নুরুল হক, পেয়ার আলী ও তাজু মিয়ার লোকজনের মধ্যে জায়গাজমি সংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে ত্রিমুখী সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন