২৮ জানুয়ারি ২০২০
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : মেধাবীদের মূল্যায়ন এবং শিক্ষার মান উন্নয়নে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভূমিকা প্রশংসার দাবি রাখে বলে মন্তব্য করে আওয়ামীলীগ নেতা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লেইছ চৌধুরী বলেছেন, আমি দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ করছি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ ও ভালো ফলাফল অর্জনে তাদের মধ্যে নানামুখী প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়, একই সাথে অনুকরণীয়ও বটে। আমি ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এমন মহৎ প্রচেষ্টাগুলোকে সাধুবাদ জানাই এবং প্রত্যেকটি ইতিবাচক কার্যে সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি।
মঙ্গলবার ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব’র সামাদ প্লাজাস্থ নিজস্ব হলরুমে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাজা সায়মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সুমন মিয়ার পরিচালনা এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ সামসুদ্দিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা, সাংগঠনিক সম্পাদক এফ এইচ ফারহান, অর্থ সম্পাদক সাবেল আহমদ, এবং সদস্য নাহিদ সুলতান পাশা, মোঃ ছামি হায়দার প্রমুখ।
উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব আয়োজিত এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ উপজেলার মোট ১২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।