২৮ জানুয়ারি ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি : চীনের ভয়াবহ করোনাভাইরাস শনাক্তে সিলেটের তামাবিল স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে তামাবিল স্থলবন্দরে ইমিগ্রেশনে বসানো হয়েছে ৭ সদস্যের বিশেষ মেডিকেল টিম।
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য অফিস সূত্রে জানা যায়- তামাবিল স্থলবন্দরে ভারত থেকে তামাবিল হয়ে বাংলাদেশে আসা পর্যটক, অভিবাসীদের মেডিকেল চেকআপের ব্যবস্থা করা হয়েছে। গোয়াইনঘাটের একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে কাস্টমস পুলিশ বিভাগসহ প্রশাসনের সমন্বয়ে ৭ সদস্যের মেডিকেল টিম তাদের কাজ শুরু করেছে।
গোয়াইনঘাটের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. রেহান উদ্দিন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের নির্দেশে সবকটি স্থলবন্দর সমূহ দিয়ে আগত পর্যটক, দর্শনার্থী এবং অভিবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করে বাংলাদেশে প্রবেশের ব্যবস্থা গ্রহণের লক্ষে ৭ সদস্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে তামাবিল স্থলবন্দরে মেডিকেল টিম সকল কর্ম দিবসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত রাখবে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, চীনে ভয়াবহ করোনা ভাইরাস বাংলাদেশেও প্রবেশ করতে পারে,এরই লক্ষে সিভিল সার্জন সিলেট ও গোয়াইনঘাট প্রশাসন সমন্বয়ে আগামীকাল মঙ্গলবার থেকে গঠিত মেডিকেল টিম কাজ করবে। কোন ক্রমেই বাংলাদেশের করোনা ভাইরাস দ্বারা মানুষজনের মৃত্যু কিংবা স্বাস্থ্য হানির ঘটনা না ঘটে তারই লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। একই সাথে করোনাভাইরাসে ভাইরাসে আক্রান্ত হওয়ার মতো কোনো উপসর্গ দেখা দিলেই সিভিল সার্জনকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।