১৩ জানুয়ারি ২০২০


‘উন্নয়ন বিড়ম্বনায়’ নগরবাসী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : কালভার্ট নির্মাণের জন্য সিলেট নগরের বারুতখানা পয়েন্ট থেকে জিন্দাবাজার পয়েন্ট সড়ক এবং নাইওয়রপুল থেকে ধোপাদিঘীরপাড় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার রাতে এই দুটি সড়কের মাঝামাঝি অবস্থিত দুটি কালভার্ট নির্মাণের জন্য ভেঙে দেয়া হয়। এতে করেই উন্নয়ন বিড়ম্বনায় পড়েন এই অংশ দিয়ে যাতায়াতকারী নগরবাসী।

রাস্তা কেটে ফেলায় এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি পথচারী চলাচলেও বিঘ্ন ঘটছে। পথচারী লোকজন কালভার্টের উপর বাঁশের চাটাই ফেলে চলাচল করছেন। এতে চরম ভোগান্তিতে পরেছেন ব্যস্ততম এই এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা।

এব্যারে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘উন্নয়নকাজের জন্য জনসাধারণের সাময়িক দুর্ভোগ হচ্ছে। কালভার্ট ছোট হওয়ায় বর্ষার মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ জন্য কলভার্টটি ভেঙে বড় করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি কালভার্টটির নির্মাণকাজ দ্রুত শেষ করতে।’

এক মাসের মধ্যে কালভার্টটি নির্মাণকাজ শেষ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, পূর্ব জিন্দাবাজার এলাকার কালভার্টটির ভাঙা অংশে কয়েকটি বাঁশ ফেলে সাঁকো আকারে তৈরি করে পথচারীদের সাময়িক চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এই সাঁকো দিয়েই পথচারীরা ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন।

জিন্দাবাজার ও জেলরোড এলাকা দিয়ে আসা যাত্রীবাহী যানবাহনগুলো ভাঙা কালভার্ট দেখে পুনরায় ফিরে যাচ্ছে। পরে বিকল্প সড়ক দিয়ে গন্তব্যের দিকে যাচ্ছে। আবার কেউ কেউ ভাঙা অংশ পর্যন্ত এসে হেঁটে কালভার্ট পার হয়ে গন্তব্যে যাচ্ছেন।

শেয়ার করুন