১৩ জানুয়ারি ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে শিশু তোফাজ্জল হত্যা মামলায় সোমবার সকালে সাত জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ পালের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. আশেক সুজা মামুন জানান, নিহতের ফুফু শিউলি বেগম ও রাসেলের ৫দিনের এবং সেজাউল কবীর, কালা মিয়া, হবি মিয়া, সোলেমান মিয়া ও লোকমান মিয়ার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনায় মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশ আটক সাত জনকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে। মামলার প্রতিটি বিষয় পুলিশ গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।’
উল্লেখ্য জেলার তাহিরপুরের সীমান্তবর্তী বাঁশতলার গ্রামের জুবেল হোসেন এর ছেলে ৭ বছরের শিশু তোফাজ্জল ৮ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। গত ১১ জানুয়ারি ভোর রাতে শিশুর চোখ উপড়ে ফেলা ও পা ভাঙা অবস্থায় বস্তাবন্দি লাশ জুবেল হোসেনের বাড়ির সামনে পাওয়া গেছে। এ ঘটনায় ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত শিশুর বাবা জুবেল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ১১ জানুয়ারি (শনিবার) রাতে থানায় মামলা দায়ের করেছেন।