২৭ ডিসেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন সিলেট বিভাগের সাত নেতা। এরমধ্যে তিনজন উপদেষ্টা পরিষদে, একজন সভাপতিমণ্ডলীর সদস্য, একজন সাংগঠনিক সম্পাদক ও দুইজন সদস্য হিসেবে কেন্দ্রীয় কমিটিতে স্থানে পেয়েছেন।
এর মধ্যে আগেই উপদেষ্টা হিসেবে ছিলেন- সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এডভোকেট আবু নসর ও গত নির্বাচনের আগে বিএনপি থেকে আসা ইনাম আহমদ চৌধুরী। তাছাড়া আগের কমিটিতে প্রেসিডিয়াম সদস্য ছিলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবারের কমিটিতেও তিনি একই পদে বহাল রয়েছেন। বহাল রয়েছেন বদর উদ্দিন আহমদ কামরানও। তিনিও আগের কমিটির সদস্য ছিলেন, এবারও তিনি সদস্য হিসেবে আছেন। তার সাথে এবার নতুন সদস্য হয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী।
আর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। এছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল কমিটি’র চেয়ারম্যান, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র পরিচালক এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
বৃহস্পতিবার রাত ৯টার পর আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। ঘোষিত ৮১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে কোষাধ্যক্ষসহ ৪টি পদ ছাড়া বাকি পদ ঘোষণা করা হয়েছে। বাকি চারটি পরে জানানো হবে বলেও জানান তিনি।